রাজধানীর জিগাতলায় দুই কলেজছাত্র ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বুধবার বিকালে জিগাতলা নেসক্যাফের ভেতরে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন–বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র আলফাজ সানি অপু (১৮) ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একই বর্ষের কাজী ইশতেয়াক আহমেদ মুনিম (১৮)।
আহতরা জানান, বিকেলে তারা ৮-৯ বন্ধু মিলে জিগাতলা নেসক্যাফের ভেতরে আড্ডা দিচ্ছিলেন। তখন তাদের কলেজের ১ম বর্ষের ২০-২৫ জন শিক্ষার্থী এসে অতর্কিত আক্রমণ করে। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে তাদের আহত করে পালিয়ে যান।
আহতরা বলেন, ‘কী কারণে তারা আমাদের মারধর করেছে, তা বলতে পারছি না। কারও সঙ্গে আমাদের ঝগড়াও হয়নি।’
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। তবে অপুকে ভর্তি রেখেছেন চিকিৎসকরা। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’


