রাজধানীর মগবাজারে একটি আবাসিক হোটেল থেকে ফয়সাল গনি (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে বড় মগবাজারের তিন তারা আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, ফয়সাল গনির বাড়ি ঝিনাইদহ হরিণাকুণ্ড থানার আদর্শ আনন্দ লইয়া গ্রামে। তার বাবার নাম মো. ওসমান গনি।
ওসি আরও জানান, গত ৮ মার্চ ফয়সাল গনি হোটেলের ২২৪ নম্বর কক্ষে ভাড়া উঠেন। মঙ্গলবার তার রুম ছাড়ার কথা ছিল। বিকাল পৌনে ৪টার দিকে হোটেল কর্তৃপক্ষ তাকে ডাকতে গেলে দরজায় কোনো সাড়া বা শব্দ পাননি। পরে তারা থানায় খবর দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


