রাজধানীর তুরাগের কামারপাড়ায় গ্যাস লিকেজ থেকে ঘটে যাওয়া বিস্ফোরণে চিকিৎসাধীন আরও একজন মারা গেছেন। তিনি হলেন এনায়েত (৩২)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দুইয়ে দাঁড়াল।
মঙ্গলবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এনায়েতের মৃত্যু হয়। এর আগে, রোববার অন্তঃসত্ত্বা গৃহবধূ সোনিয়া আক্তার (২৫) মারা গিয়েছিলেন।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, এনায়েতের শ্বাসনালী ও শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থাতে তার মৃত্যু হয়।
গত শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে তুরাগ থানাধীন উত্তরা ১০ নং সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে মোট ১০ জন দগ্ধ হন।
এর মধ্যে রুবেল (৩০), তার স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা (১৯) এবং রুবেল (৩৫) রয়েছেন।
এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, এনায়েত কিছুদিন আগে দুবাই থেকে দেশে ফিরে এসেছেন এবং পরিবারসহ রুবেলের বাসায় বেড়াতে এসেছিল। বিস্ফোরণের ফলে ২য় তলার বাসার দেয়াল ভেঙ্গে যায় এবং ১০ জনই আগুনে পুড়ে আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।


