চেন্নাই সুপার কিংসের প্রতিশব্দ যেন মহেন্দ্র সিং ধোনি। মাঝে কেবল দুই মৌসুম খেলেছেন অন্য দলের হয়ে, আর্থিক কেলেঙ্কারি ও জটিলতায় চেন্নাই অংশ নিতে পারায়। যদিও আইপিএলে মৌসুমের পর মৌসুম যায়, কিন্তু ধোনি থেকে গেছেন ধ্রুবক হয়ে। তাই তো ৪৪ বছর বয়সেও ভারতের অন্যতম সেরা এই অধিনায়ককে ছাড়া দল ভাবতে পারে না পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে এবার একটু অন্যপথেই হাঁটতে হচ্ছে তাদের।
শনিবার থেকে শুরু হতে যাওয়া আইপিএলের ১৮-তম আসরে চেন্নাইয়ের প্রথম চার ম্যাচে থাকছে না ধোনি। কাফ মাসলের চোটে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এই উইকেটকিপার ব্যাটারকে। আনুষ্ঠানিক ঘোষণায় চেন্নাই ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, ইতোমধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন তিনি।
আইপিএলের প্রথম দুই সপ্তাহে চারটি ম্যাচ খেলার কথা চেন্নাইয়ের। সোমবার তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এরপরের তিন ম্যাচ খেলবে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। মৌসুমের শুরুতে এই চার ম্যাচে ধোনিকে না পাওয়া চেন্নাইয়ের জন্য একটা বড় ধাক্কাই বটে।


