জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে বাড়তি চেকপোস্ট বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মূলত শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানিয়েছেন, বুধবার বিকেল ৪টা থেকে এই চেকপোস্টগুলোর কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই তল্লাশি চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছে রমনা বিভাগের বসিলা, লালবাগ বিভাগের বাবুবাজার, ওয়ারী বিভাগের পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ ও স্টাফ কোয়ার্টার। এছাড়া মতিঝিল বিভাগের বাসাবো রোড (কমলাপুর), মিরপুর বিভাগের গাবতলী, গুলশান বিভাগের ৩০০ ফিট রাস্তা এবং উত্তরা বিভাগের আব্দুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া ও ধউর ব্রিজেও বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে।
চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেভাগেই যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করবেন। ডিমএপির উপকমিশনার তালেবুর রহমান নগরবাসীকে এই অভিযানে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেছেন। তিনি জানান, বৃহত্তর জনস্বার্থে এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতেই এই কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে।


