রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বন্যহাতির আক্রমণে ঝর্ণা চাকমা (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত সুবিতা চাকমাকে (৮০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার সন্ধ্যায় জীবতলী ইউনিয়নের কাপ্তাই-আসামবস্তি সড়কে ঘটনাটি ঘটে
পুলিশ জানিয়েছে, রাঙ্গামাটি থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশায় করে তারা যাচ্ছিলেন। পথে হঠাৎ বন্যহাতি তাদের আক্রমণ করে। এতে ঘটনাস্থলে ঝর্ণা চাকমার মৃত্যু হয় এবং সুবিতা চাকমা গুরুতর আহত হন। আক্রমণে সিএনজি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।
জীবতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত কার্বারী বলেন, এলাকায় প্রায় বন্যহাতির আক্রমণের ঘটনা ঘটে। ঘটনার আগে পাশের এক অটোরিকশা চালক হাতির অবস্থান সম্পর্কে ওই চালককে সতর্ক করেন। কিন্তু তিনি সতর্কতা উপেক্ষা করায় এ দুর্ঘটনা ঘটে।
রাঙ্গামাটি কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, বন্যহাতির আক্রমণে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। আহতকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।


