রাকসু: শিবিরের সঙ্গে লড়ে জয়ী যারা

রাকসু: শিবিরের সঙ্গে লড়ে জয়ী যারা
সালাউদ্দিন আম্মার, নার্গিস আক্তার ও তোফায়েল আহমেদ তোফা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ২৩ পদের ২০টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির মনোনীত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা। ভোটারদের পছন্দের তালিকায় যেখানে শিবির প্রার্থীরাই এগিয়ে, সেখানে লড়াই করে নিজের অবস্থান আদায় করেছেন তিন প্রার্থী।

তারা হলেন জিএস পদে নির্বাচিত ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সদস্য এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জিএস সালাউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের নার্গিস আক্তার এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

রাকসুর জিএস (সাধারণ সম্পাদক) পদে সালাউদ্দিন আম্মার নির্বাচিত হয়েছেন বড় ব্যবধানে। তিনি মোট ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি। তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। সালাউদ্দিন ও ফাহিম রেজা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।

নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে একমাত্র বিজয়ীর নাম নার্গিস আক্তার। ক্রীড়া সম্পাদক পদে অংশ নিয়ে সর্বোচ্চ ভোটে জয় পান জাতীয় খেলোয়ার নার্গিস।

আরও পড়ুন

এদিকে ১১টি প্যানেলের প্রার্থীদের হারিয়ে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন তোফায়েল আহমেদ তোফা।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৬ হাজার ৭৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তোফায়েল আহমেদ তোফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ প্রার্থী হাচান হাওলাদার পেয়েছেন ৬ হাজার ৭৬৩ ভোট। ১৭ ভোটের ব্যবধানে স্বতন্ত্র থেকে একমাত্র বিজয়ী তিনি।

চট্টগ্রামের তোফা বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত।

তোফায়েল আহমেদ বলেন, ‘গ্রহণযোগ্যতা থাকলে যে প্যানেলের বাইরে থেকেও প্রার্থীদের হারিয়ে বিজয়ী হওয়া যায়, তার বড় উদাহরণ আমি। প্রথমেই শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি, তাদের ভোটেই আমি নির্বাচিত। শিক্ষার্থীরা তাদের জন্য যোগ্য প্রার্থীদেরই বেছে নিয়েছেন।’

শিক্ষার্থীদের সমন্বয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

রাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) ভোট পেয়েছেন ১২ হাজার ৬৮৭টি। একই পদে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) ভোট পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর