রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভিপি পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
জিএস পদে জয়ী হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। এছাড়া এজিএসে পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির।
শুক্রবার সকাল ৮টার দিকে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান কমিশন এই ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
অর্থাৎ, বেশ বড় ব্যবধানে এই পদে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল।
এছাড়া জিএস পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৪৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবিরের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।
এজিএস পদে এস এম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭৫ ভোট। তার নিকটতম ছিলেণ ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এষা, তিনি পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট।
বৃহস্পতিবার দিনভর চলে রাকসু নির্বাচনের ভোটগ্রহণ। দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৩ শতাংশ।
এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১ হাজার ৩০৫ জন ও ছাত্র ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।


