নড়াইলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট সাত হাজার টাকা জরিমানা করেছে।
রমজানের প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের রূপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অভিযানে রূপগঞ্জ বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়কজাতকরণ বিধি লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে ফিরোজ ফল ভাণ্ডারকে ৫ হাজার টাকা, আলম ফল ভাণ্ডারকে ১ হাজার টাকা এবং আমির হামজা সবজি ভাণ্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে আনসার সদস্য ও সংশ্লিষ্টরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
এ বিষয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, ‘পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম যাতে সহনশীল থাকে, সে লক্ষ্যে ব্যবসায়ীদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’


