চুয়াডাঙ্গায় স্কুলের দপ্তরিকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় স্কুলের দপ্তরিকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল | ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গায় স্কুলের এক দপ্তরিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দামুহুদার হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

আহত হারুন-উর রশিদ দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে। তিনি ওই বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কাজ করেন।

রশিদ বলেন, ‘সকালে তিনি নাস্তা করার জন্য বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুজন অজ্ঞাত ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।’

তিনি আরও বলেন, ‘তার চিৎকারে স্থানীয়রা ও বিদ্যালয়ের শিক্ষকরা ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা ও শিক্ষকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।’ তবে, হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন বলেন, ‘আহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে দুই হাত ও পেটে ক্ষত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।’

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। তবে ভুক্তভোগী এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর