অবশেষে পরিকল্পিত নগরায়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা এবং আধুনিক নগর গঠনের লক্ষ্যে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে গেজেট প্রকাশ করেছে সরকার।
বুধবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এর আগে, ২০১৪ সালের ৮ জুন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব কমিটির সভায় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
প্রকাশিত গেজেটে বলা হয়, রংপুর ও এর সন্নিহিত এলাকা একীভূত করে একটি পরিকল্পিত, আধুনিক ও দুর্যোগ-সহনশীল নগর গঠন এই কর্তৃপক্ষ প্রতিষ্ঠার উদ্দেশ্য। পাশাপাশি ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ন প্রতিরোধ, তথ্য-প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং নাগরিক জীবনের মানোন্নয়নও কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
রংপুর জেলা সুশাসনের জন্য নাগরিক সুজন সভাপতি ফখরুল আনাম বেঞ্জু গেজেট প্রকাশকে দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে উল্লেখ করে বলেন, ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের মাধ্যমে পরিকল্পিত নগরীর অপেক্ষায় রয়েছেন রংপুরবাসী। আমরা চাই দ্রুত এটি বাস্তবায়ন হোক।’
তিনি আরও বলেন, ‘বর্তমান রংপুর অপরিকল্পিত নগরায়নের নগরীতে পরিণত হয়েছে। চারদিকে যেভাবে বহুতল ভবন গড়ে উঠছে, কোনো নিয়মনীতি মানা হচ্ছে না। প্রধান সড়ক, ফুটপাত থেকে শুরু করে রাস্তাঘাট–সবই দখলে। তাই উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নই পারে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত, সবুজ ও গোছানো নগরী গড়ে তুলতে।’
এদিকে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের ফাইলবন্দি অবস্থার অবসান হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। এখন কর্তৃপক্ষের দ্রুত বাস্তবায়নই তাদের প্রধান প্রত্যাশা।


