রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তার স্ত্রী সুর্বণা রায় (৬০)।
তারাগঞ্জ থানার পরিদর্শক (এসআই) মো. আবু ছাইয়ুম বলেন, ‘খবর পেয়ে সকাল ৯ টায় ঘটনাস্থলে পৌঁছাই। বাড়ির ভেতরে ডাইনিং রুমে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের এবং রান্নাঘরে সুর্বণা রায়ের রক্তাক্ত লাশ উদ্ধার করি।’
নিহত যোগেশ চন্দ্র রায় পেশায় শিক্ষক ছিলেন। তিনি ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসরে যান।
তার দুই ছেলের মধ্যে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে এবং রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশে চাকরি করেন। গ্রামের বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই থাকতেন।
নিহতের প্রতিবেশী দীপক চন্দ্র রায় জানান, তার পরিবার ৪০-৫০ বছর ধরে যোগেশ চন্দ্রের বাড়ি দেখাশোনা করেন। তিনি প্রতিদিন সকালে কাজ করতে সেখানে যান। রোববার সকাল ৭টা পর্যন্ত ঘর থেকে কেউ বের না হওয়ায় সন্দেহ হয়।
এ সময় ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন তিনি। এরপর মই বেয়ে ভেতরে ঢুকলে তাদের রক্তাক্ত লাশ দেখা যায়।
তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার আলী হোসেন বলেছেন, ২৪ ঘন্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবেন তারা।
এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে জানান উপজেলার নির্বাহী অফিসার মোজাফফর হোসেন।


