রাজধানীর একটি হোটেলে জাকালো আয়োজনে সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান রোববার সকালে আয়োজন করার কথা ছিল। কিন্তু আগের দিন বিকালে বাতিল করা হয় অনুষ্ঠান। হঠাৎ এমন ঘোষণায় দেখা দিয়েছে প্রশ্ন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণেই নবগঠিত এই সরকারি ইসলামী ব্যাংকটির উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সংকটাপন্ন পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে এই ব্যাংকটি গঠন করা হয়েছে।
এর আগে ব্যাংকগুলোর কিছু আমানতকারী ও চট্টগ্রামের শাখাগুলোর কর্মকর্তাদের পক্ষ থেকে অনুষ্ঠানস্থল ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করা হয়েছিল বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এ অবস্থায় বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের মধ্যে আলোচনা হয়। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের এবং বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. খায়রুজ্জামান মজুমদার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়ার।
জানা গেছে, বর্তমানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়া চলছে। চলতি সপ্তাহে এই নিয়োগ হতে পারে। এরপর উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান আর্থিক কর্মকর্তা, কোম্পানি সচিবসহ শীর্ষ কয়েকটি পদে নিয়োগ চূড়ান্ত করার কথা রয়েছে।
রোববার আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ব্যাংকটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। যে পাঁচ ব্যাংক একীভূত করে এই ব্যাংক গঠন করা হলো-সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।


