রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীতে তল্লাশিকালে মো. শাহ আলম (৩৩) নামে এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে কুতুবখালী পকেট গেট সংলগ্ন চেকপোস্টে এই ঘটনা ঘটে। এ সময় হামলাকারীদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ৫টি ককটেল ও একটি বোমা উদ্ধার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুর রহমান জানান, ঘটনার সময় ৪/৫ জন পুলিশ সদস্য ওই এলাকায় মোবাইল ডিউটি পালন করছিলেন। চারজন যুবক দুটি ব্যাগ হাতে পকেট গেটের সামনে দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে কনস্টেবল শাহ আলম তাদের তল্লাশি করতে যান। তখন হঠাৎ একজন যুবক তার কোমর থেকে ছুরি বের করে শাহ আলমের কপালের বাম পাশে আঘাত করে। পুলিশ সদস্যরা তাদের পিছু ধাওয়া করলে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে ৫টি ককটেল ও একটি বোমা পাওয়া যায়, যা বোম ডিসপোজাল ইউনিটের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আহত পুলিশ সদস্য শাহ আলমকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার কপালের বাম পাশে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে এবং বর্তমানে মাথার সিটি-স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। শাহ আলম বর্তমানে যাত্রাবাড়ী থানার পরিবহন শাখায় কর্মরত আছেন।


