ঢাকার যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় এক অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম ফিরোজ আহমেদ (৫০) বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে যাত্রীর পরিচয় শনাক্ত হয়নি। তবে যাত্রীর বয়স আনুমানিক ৫৫ বছর। রিকশাচালক ফিরোজ কদমতলীর মুরাদপুরে থাকতেন।
দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় দুজনকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মো. খাইরুল জানান, রাত ১টার দিকে মীরহাজীরবাগ কাঁচাবাজারের পাশে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন তিনি। এ সময় উল্টোপথ দিয়ে একটি ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার সময় অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশার চালক ও যাত্রী আহত হন। সঙ্গে সঙ্গে তারা দৌঁড়ে গিয়ে ট্রাকের নিচ থেকে দুজনকে বের করেন এবং ট্রাকটির চালককে আটক করেন।
আটকের পর ট্রাকচালককে উল্টোপথে বেপরোয়া গতিতে চালানোর কারণ জানতে চাইলে সে জানায়, যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকায় আরেকটি ট্রাকের সাথে তার ট্রাকের ধাক্কা লেগেছিল। ট্রাকটি ধরতেই সে দ্রুত চালিয়ে যাচ্ছিল।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, রাতে মীরহাজীরবাগে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশার চালক ও যাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।
যাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


