যশোরে প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকা মূল্যের তিন কেজি ৬৪১ গ্রাম সোনা উদ্ধার করেছে বিজিবি। এ সময় একটি প্রাইভেট কারসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে যশোর-নড়াইল মহাসড়কে নীলগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির এক নম্বর গেটের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ৩১টি সোনার বার উদ্ধার করা হয়। আটক করা হয় দুইজনকে।
তিনি বলেন, ‘জিরো টলারেন্স নীতির আলোকে আমরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রেখেছি।’
উদ্ধার করা সোনা বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুসের মাধ্যমে পরীক্ষা করে খাঁটি সোনা হিসেবে নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
জব্দকৃত সোনা, প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ উদ্ধার হওয়া মালামালের মোট বাজারমূল্য প্রায় সাত কোটি ৬৮ লাখ ৩৬ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে সংগ্রহ করা এসব সোনা যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।
আটক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উদ্ধারকৃত সোনা যশোর কোতয়ালী থানার মাধ্যমে ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


