পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এ সময় তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। তাকে শুভেচ্ছা জানাতে যমুনা প্রাঙ্গণে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
এদিন সকাল ৯ টা থেকে জনসাধারণের জন্য যমুনার দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জনস্রোত ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত বিস্তৃত হয়। পুরো এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে।


