রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় নিহতের পরিচয় বা বয়স এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ফ্লাইওভারের মাঝখানের একটি ফাঁকা অংশ থেকে মরদেহটি উদ্ধার করে শাহজাহানপুর থানা পুলিশ। রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জানান, শনিবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে ফ্লাইওভারের জয়েন্টের ফাঁকা জায়গায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। আগুনে শরীর সম্পূর্ণ পুড়ে যাওয়ায় নিহতের লিঙ্গ নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে মৌচাক ফ্লাইওভারের ওপর একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। শনিবার রাতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সেখানে ময়লা পরিষ্কার করতে গিয়ে পোড়া মরদেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
পুলিশের ধারণা, শুক্রবার রাতের ওই অগ্নিকাণ্ডেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এসআই মেহেদী হাসান বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ এবং নিহতের পরিচয় শনাক্তের বিষয়ে বিস্তারিত জানা যাবে।’


