রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দূর্বৃত্তদের হামলায় মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং ৪ নম্বর রোডে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত নুরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন জানান, মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিংয়ে ভাড়া বাসায় থাকেন তারা। দুপুরে জুম্মার নামাজ শেষে তার ভাই বাসার নিচে আসলে তিনটি মোটরসাইকেলে করে ৬ জন ব্যক্তি এসে তার মুখ, কাঁধ ও বাম হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, নুরুল ইসলাম মোহাম্মদপুর থানার ৩৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক। তবে কারা, কেন নুরুল ইসলামের ওপর হামলা করেছেন তা জানা যায়নি।
৩৩ নম্বর ওয়ার্ডের বিএনপির ক্ষুদ্রঋন সমবায় বিষয়ক সম্পাদক রাসেল হাওলাদার বলেন, ‘তার সাথে কথার বলার চেষ্টা করেছি। মুখে আঘাত থাকায় কথা বলতে পারেনি। কে বা কারা ঘটনা ঘটিয়েছে নুরুল একটু সুস্থ হলে জানতে পারব।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মোহাম্মদপুর থেকে আহত অবস্থায় বিএনপির এক নেতা হাসপাতালে আসে। তার মুখ, কাঁধসহ কয়েক জায়গায় জখমের চিহ্ন আছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।


