দেশের চার মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের কাছে সরকারের মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজারের সংসদ সদস্য লুৎফর রহমানের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
মন্ত্রী জানান, চারটি মোবাইল অপারেটরের মধ্যে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামীণফোনের কাছে। প্রতিষ্ঠানটির কাছে সরকারের পাওনা ৬ হাজার ১০১ কোটি ৮২ লাখ টাকা, যা ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি সংক্রান্ত মামলার কারণে বর্তমানে উচ্চ আদালতে চলমান রয়েছে।
রাজস্ব বকেয়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটকের কাছে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ ৫ হাজার ৯৫৪ কোটি টাকা পাওনা রয়েছে।
এই বকেয়ার একটি বড় অংশ ইকুইটিতে রূপান্তরের আবেদন অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন। এ ছাড়া রবি আজিয়াটার কাছে অডিট আপত্তি ও ভ্যাট বাবদ মোট ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংকের কাছে মোট ৪৭৩ কোটি টাকা পাওনা রয়েছে। বকেয়া রাজস্ব আদায়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
একই অধিবেশনে ঢাকা আসনের সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী মোবাইল নেটওয়ার্কের মানোন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি জানান, কল ড্রপ, ধীরগতির ইন্টারনেট ও দুর্বল নেটওয়ার্ক সমস্যার সমাধানে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে। মোবাইল সেবার মান উন্নয়ন এবং গ্রাহকস্বার্থ সুরক্ষায় কোয়ালিটি অব সার্ভিস বেঞ্চমার্কিং সিস্টেম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।
এর আওতায় দেশব্যাপী প্রায় দুই হাজার কিলোমিটার এলাকায় ড্রাইভ টেস্ট সম্পন্ন করে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক কভারেজ ও সেবার মান যাচাই করা হচ্ছে।
পরীক্ষার ফল বিশ্লেষণ করে দুর্বল নেটওয়ার্ক চিহ্নিত করে সংশ্লিষ্ট অপারেটরদের প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে।
এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে টেলিযোগাযোগ সেবার মান আরো উন্নত হবে এবং গ্রাহকরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


