ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে মোদী সরকারের নীরবতারও কঠোর সমালোচনা করেন তারা।
রোববার এক বিবৃতিতে কংগ্রেস নেতাদের পক্ষ থেকে বলা হয়, ‘খামেনিকে হত্যার ঘটনা অবশ্যই “লক্ষ্যভিত্তিক এবং স্পষ্টভাবে নিন্দনীয়”, যা “যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া পরিচালিত সামরিক অভিযান” হিসেবে বিবেচিত।’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক বজায় রাখা ভারতীয় সরকার আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ না করায়ও ক্ষুব্ধ হন দলের নেতারা।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক কূটনীতি বিবেচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি দ্বন্দ্ব এড়িয়ে যেতেই নিরব ভূমিকা পালন করছে নরেন্দ্র মোদীর সরকার।


