মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসের পাশ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১১টায় মুজিবনগর থানা পুলিশের একটি দল উপজেলার দারিয়াপুর গ্রামের কালিতলাপাড়ায় অবস্থিত বিএনপির ওয়ার্ড নির্বাচনী অফিসের পাশ থেকে বস্তুটি উদ্ধার করে।
পুলিশ জানায়, এদিন সকালে ওই এলাকায় চলাচল করা কয়েকজন পথচারী নির্বাচনী অফিসের পাশে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। বস্তুটি বোমা হতে পারে বলে ধারণা করেন তারা। এ সময় মুজিবনগর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত বস্তুটি প্রাথমিকভাবে বোমা সদৃশ মনে হলেও এটি প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
বিষয়টি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটকে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


