মেহেরপুরের গাংনীতে ট্রান্সফরমারের যন্ত্রাংশসহ চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। চুরি করে ফেরত যাওয়ার পথে পুলিশের চেকপোস্টে ধরা পড়েন তিনি।
আটক অপরাধীর নাম উজ্জল মালিথা, তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রোববার সকালে চোরাই মালামাল ও চুরির সময় ব্যবহৃত অবৈধযান আলগমনসহ বামন্দী বাজারে পুলিশের চেকপোস্টে ধরা পরেন তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের বরাতে জানা যায়, দৌলতপুর থেকে শনিবার সন্ধ্যার পর উজ্জ্বল মালিথাসহ আরও চারজন আলগমনে চড়ে রাত ৮টার দিকে বামন্দী বাজারে পৌছান। এরপর করমদী গ্রামের সড়কে চারজনকে নামিয়ে দিয়ে মালিথা কাতলামারি এলাকায় অবস্থান করছিলেন।
রোববার ভোরের দিকে ফোন পেয়ে আবারও একই স্থান থেকে দলের চার সদস্য ও চুরি করা মালামাল নিয়ে ফিরছিলেন তারা। বামন্দী পশুহাট সড়ক হয়ে যাবার সময় পুলিশ চেকপোস্ট দেখে গাড়ি থেকে চারজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।
গাংনীর বামন্দী পুলিশ কাম্পের উপসহকারী পরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, ‘চেকপোস্টে যাত্রী নিয়ে আসা একটি আলগামনকে থামাতে বললে চারজন লাফ দিয়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়। এ সময় পুলিশের হাতে ধরা পড়ে উজ্জল মালিথা। গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে চুরি করা টান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ।’
তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা শেষে কারাগারে পাঠানো হবে। সেই সঙ্গে চোর চক্রের অন্য সদস্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


