মেহেরপুরের গাংনীতে এক বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোরে হামলার এ ঘটনা ঘটে। হামলায় কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
ভুক্তভোগী বিএনপি কর্মীর নাম মুকুল হোসেন (৫৫)। তিনি গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের নেক মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, ভোরে মুকুল হোসেন সাহারবাটি গ্রাম থেকে ভাটপাড়া গ্রামের সড়ক দিয়ে হাঁটতে বের হন। ভাটপাড়া গ্রামের মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। বুকে, পিঠে ও হাতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় কয়েকটি বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মুকুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, মুকুল হোসেন বিএনপির কোনো পদ-পদবিতে না থাকলেও এলাকায় বিএনপির একটি পক্ষের নেতৃত্ব দেন। আধিপত্য বিস্তার অথবা পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসার আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।


