টাঙ্গাইলের সখীপুরে নিজঘরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিলুর রহমান (৪০) নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বহেড়াতৈল গ্রামে ওই শিক্ষকের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিক্ষক উপজেলার বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নিজের ব্যবহৃত ফ্রিজ ঘরের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে বিদ্যুৎসংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আশিকুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ শিক্ষকের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


