জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
প্রাণ হারানো শিক্ষার্থী আকাশ সরকার নাট্যকলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে গেন্ডারিয়া থানা এলাকার ভাট্টিখানা মসজিদের এস কে দাস রোডের মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আকাশ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছিল।
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তৌহিদ চৌধুরী বলেন, ‘আকাশ ভাই সাধারণ জীবনযাপন করত। সে কখনো তার কষ্টগুলো প্রকাশ করত না। আমরা কেউই বুঝতে পারিনি সে এতটা মানসিক চাপে ছিল। তিনি প্রাইমারি স্কুলে চাকরি করতেন, তার কর্মস্থলও ফরিদপুরে ছিল।’
একই মেসে থাকা ইশতিয়াক বলেন, ‘আমার পরীক্ষা এজন্য পড়ছিলাম। পরে ভাইয়ের বন্ধু আমাকে ফোন দিলে আমি রুমের দরজা ধাক্কা দিতে থাকি। এক পর্যায়ে দরজা খুলে যায়। এসময় ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে ফোন দেই।’
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাজমুল হাসান বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে আমরা খবর পাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার ময়নাতদন্ত সম্পন্ন হবে।’
তিনি বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
আকাশের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক বলেন, ‘তার ভাই আসছেন। পুলিশের কাছ থেকে রিপোর্ট পেলে পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’


