ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় বাসের চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী দু’জন। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন মোটরসাইকেলের চালক সোহেল রানা(৪৮) ও তার বন্ধু মতিউর রহমান (৫০)। তারা কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের তালেপুর এলাকার বাসিন্দা।
স্থানীয়রা ও শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সোহেল রানা ও মতিউর রহমান মোটরসাইকেলে কেরাণীগঞ্জ যাচ্ছিলেন। শ্রীনগরের ফেরিঘাট এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী সুরভী নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক সোহেল রানা। গুরুতর আহত অবস্থায় মতিউরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


