বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
তিনি জানান, আইআরআইয়ের প্রতিনিধিদল বিশ্বজুড়ে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থার সমর্থনে কাজ করছে।
মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক করা হয়। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকে আইআরআইয়ের নয় সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির বোর্ড সদস্য ক্রিস্টোফার ফাসনার এবং মার্কিন প্রেসিডেন্টের উপসহকারী ও জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিস।
প্রতিনিধিদলে ছিলেন আইআরআইয়ের সিনিয়র উপদেষ্টা জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর (ফিলিপাইন) স্টিভ সিমা, প্রোগ্রাম ডিরেক্টর (এশিয়া প্যাসিফিক) জেমি এস স্পাইকারম্যান, জনবিষয়ক বিশেষজ্ঞ জন ফ্লুহার্টি, প্রোগ্রাম ডিরেক্টর ডারিন এনথোনি বিয়েলেকি, প্রোগ্রাম পরামর্শদাতা অমিতাভ ঘোষ ও পরামর্শদাতা সাইদা মুশরেফা জাহান।
বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে আরও ছিলেন স্থায়ী কমিটি সদস্য আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।


