চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রামট্রাকের ধাক্কায় স্থানীয় এক যুবদল নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম কামাল উদ্দিন (৪২)। তিনি মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক ছিলেন। কামাল উদ্দিন উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়িক কাজ শেষে ব্যক্তিগত গাড়িতে করে বড়তাকিয়া এলাকায় ফিরছিলেন কামাল উদ্দিন। নিপ্পন কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক তার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিনি গাড়ির ভেতরে আটকে পড়েন।
স্থানীয় লোকজন গাড়ি কেটে তাকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ড্রামট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


