চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বুধবার এক যৌথ বিবৃতিতে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ, জয়েনিং ফোর্সেস বাংলাদেশ এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, এই মর্মান্তিক ঘটনা দেশের শিশু সুরক্ষা ব্যবস্থার গুরুতর দুর্বলতাকে আবারও সামনে নিয়ে এসেছে। একই সঙ্গে এটি শিশুদের নিরাপত্তা, মানসিক ও শারীরিক সুস্থতা এবং স্বাভাবিক বিকাশের ওপর ক্রমবর্ধমান হুমকির বিষয়টিও স্পষ্ট করে।
সংগঠনগুলো জানায়, সীতাকুণ্ড উপজেলার একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা ওই শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যায়।
ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনগুলো।
বিবৃতিতে বলা হয়, শিশুদের বিরুদ্ধে এ ধরনের নৃশংস অপরাধের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।
একই সঙ্গে সরকার, সমাজ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা, কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি এবং গণমাধ্যমের মাধ্যমে শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের প্রতি বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন বাংলাদেশ, জয়েনিং ফোর্সেস বাংলাদেশ এবং জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আশা প্রকাশ করেছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং শিশুদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় দৃঢ় অবস্থান নিশ্চিত করবে।


