আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ভারতের মর্যাদাপূর্ণ ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী ১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।
এর আগে এই স্বীকৃতি পেয়েছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী জোহরা সেহগাল (২০১২), শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা (২০১৫) এবং রুশ অভিনেত্রী সেনিয়া রেবেক্কানা (২০১৬)। রুনা লায়লা হচ্ছেন এই সম্মাননা পাওয়া চতুর্থ বিশিষ্ট ব্যক্তিত্ব।
ভারতের চলচ্চিত্র ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। এবারের আসর অনুষ্ঠিত হবে ৪ থেকে ৮ মে।
উৎসবের প্রতিষ্ঠাতা ও সভাপতি রাম কিশোর পরচা রুনা লায়লাকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, কয়েক দশক ধরে তার সুরেলা কণ্ঠ ও বর্ণাঢ্য সংগীতজীবন ভারত ও বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তার গান শুধু বিনোদন নয়—এটি আবেগ, স্মৃতি এবং দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের এক শক্তিশালী মাধ্যম।
তিনি আরও বলেন, রুনা লায়লার এই সম্মাননা গ্রহণ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং শিল্প-সংস্কৃতির অঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে।
চিঠিতে জানানো হয়েছে, শিল্পীর জন্য ঢাকা-দিল্লি-ঢাকা বিজনেস ক্লাস বিমান টিকিট, পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা এবং ব্যক্তিগত গাড়ির সুবিধা রাখা হয়েছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে রুনা লায়লা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অনুষ্ঠানে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।
উৎসবটি নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং ড. আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে নারী ক্ষমতায়ন, সামাজিক বিষয়, শিশুদের গল্প এবং নারী নির্মাতাদের কাজ বিশেষ গুরুত্ব পাবে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে খ্যাতিমান শিল্পী ও নির্মাতারা এতে অংশ নেবেন। অন্যদিকে, একটি সংগীতানুষ্ঠানে অংশ নিতে বুধবার সকালে রুনা লায়লা সিলেটে পৌঁছেছেন বলেও জানা গেছে।


