ঈদের ছবি ‘দম’ মুক্তির পর থেকেই সিনেমা হলে দর্শকের ভিড় টানছে। বিশেষ করে বড় মাল্টিপ্লেক্সগুলোতে প্রায় প্রতিটি শো-ই চলছে হাউসফুল।
আফরান নিশো অভিনীত এই ছবির শো সংখ্যা ক্রমেই বাড়ছে স্টার সিনেপ্লেক্সে। মুক্তির তৃতীয় দিনে মাল্টিপ্লেক্সটির বিভিন্ন শাখায় ছবিটির প্রদর্শনী সংখ্যা ৩০টির বেশি ছাড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব শোর প্রায় সবকটিই আগেভাগেই বিক্রি হয়ে যাচ্ছে। ফলে চলতি ঈদের অন্যান্য ছবির তুলনায় ‘দম’ স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে।
দর্শক প্রতিক্রিয়াই মূলত ‘দম’-এর এই সাফল্যের বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। ছবিটির নির্মাণ, ভিজ্যুয়াল উপস্থাপনা ও কারিগরি মান নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন দর্শকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছবিটি নিয়ে প্রশংসার ঝড় দেখা যাচ্ছে।
এ ছবির মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান আরও দৃঢ় করছেন আফরান নিশো। এর আগে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগী’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন তিনি। অন্যদিকে, পরিচালক রেদওয়ান রনিও এ ছবি দিয়ে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় প্রত্যাবর্তন করলেন।
ছবিতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছে এটি। এসভিএফ আলফা আইয়ের সঙ্গে চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দম’৷


