রেল ও রেলযাত্রীদের নিরাপত্তা বিধানে অসামান্য অবদানের জন্য মো. এনামুল হককে সম্মাননা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) এর কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ এবং আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।
একই সঙ্গে তার সম্মানে এক সংবর্ধনা আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ তার হাতে পুরস্কারের অর্থ এবং সম্মাননা স্মারক প্রদান করেন।
মো. এনামুল হক গত ২৩ মার্চ, সকাল ৬টা ৫০ মিনিটে বিরামপুর-ফুলবাড়ি স্টেশনের মধ্যে রেল জয়েন্টে রেলের হেড প্রায় সাত ইঞ্চি ভাঙা অবস্থায় দেখে লাল সিগনাল প্রদর্শন করে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে থামিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করেন। নিরাপদ ট্রেন চলাচলে বিচক্ষণতার সঙ্গে সহযোগিতা এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ রেলওয়ে তাকে পুরস্কৃত করে।
এ সময় উপস্থিত ছিলেন আহম্মদ হোসেন মাসুম, প্রধান প্রকৌশলী (পশ্চিম), অন্যান্য বিভাগীয় প্রধান, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা।


