মালয়েশিয়া থেকে প্রায় ৩৪ হাজার টন ডিজেল নিয়ে তেলবাহী জাহাজ ‘শান গাং ফা শিয়ান’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শুক্রবার রাত প্রায় ১০টার দিকে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় পৌঁছে।
জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, জাহাজটিতে ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে। এর মধ্যে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টন ডিজেল বহির্নোঙরে ছোট ট্যাংকারের মাধ্যমে খালাস করতে হবে। একসঙ্গে অন্তত দুটি ছোট জাহাজ এই কাজ করতে পারবে।
মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর থেকে আমদানি করা দশম ডিজেলের চালান নিয়ে জাহাজটি রোববার পতেঙ্গার ডলফিন জেটিতে ভিড়বে বলে আশা করা হচ্ছে।
এর আগে, শুক্রবার বিকালে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার ৩০০ টন ডিজেলবাহী আরেকটি জাহাজ ডলফিন জেটি নম্বর ৬-এ ভিড়েছে। বর্তমানে ওই জাহাজের ডিজেল খালাস চলছে। জাহাজটি রোববার ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে জেটিতে ভিড়ার সুযোগ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সূত্র জানায়, বিদ্যমান পাইপলাইনের পাশাপাশি নতুন দেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
বন্দরের মেরিন বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে একটি এলএনজি বহনকারী জাহাজ বৃহস্পতিবার কুতুবদিয়ায় এসে নোঙর করেছে। এছাড়া, চীন থেকে এলপিজি বহনকারী আরেকটি জাহাজ আজ পৌঁছানোর কথা রয়েছে।


