ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মান্না ও তামিল সুপারস্টার থালাপতি বিজয়–কে একসঙ্গে দেখা গেছে— এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়।
অনেকেই দাবি করছেন, ছবিটি প্রায় দুই দশক আগের। তবে এটি বাস্তব ছবি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি— তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
সামাজিক মাধ্যমে একাংশের ধারণা, আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই ছবিটি তৈরি করা হয়েছে। আবার কেউ কেউ মনে করছেন, এটি সত্যিকারের ছবিও হতে পারে। কারণ, মান্নার বেশ কয়েকটি সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে সম্পন্ন হয়েছিল।
বিশেষ করে ২০০৩-০৪ সালের দিকে বাস্তব, মিনিস্টার কিংবা বীর সৈনিক সিনেমার কাজ নিয়ে মান্না যখন চেন্নাইয়ে ছিলেন, তখন একই সময়ে বিজয়ের সিনেমার কাজও চলছিল বলে জানা যায়। সেই সূত্রে দুই তারকার সাক্ষাৎ হয়ে থাকতে পারে বলেও ধারণা করছেন অনেকে।
তবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি মান্নার স্ত্রী শেলী মান্না। গণমাধ্যমে তিনি বলেন, সে সময় তিনি চাকরিতে ব্যস্ত ছিলেন এবং এত পুরোনো ঘটনা স্পষ্টভাবে মনে নেই। তবে মান্নার ভারত যাওয়া ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে বিজয়ের সঙ্গে তার দেখা হওয়া অসম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ভাইরাল পোস্টের মন্তব্যঘরেও ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া নজর কেড়েছে। কেউ লিখেছেন, মান্না ছিলেন গণমানুষের নায়ক, যিনি সবসময় পর্দায় বাস্তব জীবনের গল্প তুলে ধরতেন। আবার আরেকজন মন্তব্য করেন, রাজনীতির বাইরে থাকায় মান্নার সম্মান আজও অটুট রয়েছে।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, নিজ নিজ ইন্ডাস্ট্রিতে মান্না ও বিজয় দুজনই সাধারণ মানুষের নায়ক হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। তবে সময়ের সঙ্গে বিজয় এখন শুধু সিনেমার তারকা নন, রাজনীতিতেও গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন। ফলে দুই তারকার একসঙ্গে থাকা এই ভাইরাল ছবি বাংলাদেশ ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আলাদা আবেগ তৈরি করেছে।


