বেআইনি হস্তক্ষেপে গুরুত্ব না দিয়ে বিচারকদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ‘আপনারা জনপ্রিয় সিদ্ধান্তের পরিবর্তে সবসময় আইন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, ন্যায়বিচার নিশ্চিত করবেন। আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব।’
শনিবার সকালে ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের ৩৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘বিচারকদের স্বাধীনতা তাদের মননে, কলমে এবং চিন্তা-চেতনায় নিহিত থাকে। একজন বিচারক যখন পলিটিক্যাল এক্সিকিউটিভদের পেছনে দৌঁড়ান, তখন তিনি নিজের প্রতি কিংবা সমাজ ও রাষ্ট্রের প্রতি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘আমরা বিচারকদের কাছ থেকে সঠিক সিদ্ধান্ত আশা করি, কারণ এটি জনগণের আস্থা ও বিশ্বাসের বিষয়।’
সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘আমরা আর শপথবদ্ধ রাজনীতিবিদ চাই না, আমরা চাই না কোনো বিচারকের নেতিবাচক আচরণের কারণে জনগণের ক্ষোভ ফিরে আসুক।’
আইনমন্ত্রী বর্তমান সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরে বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। আর্থিক কিংবা বুদ্ধিবৃত্তিক- কোনো ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না।’
প্রশিক্ষণার্থী বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিচারকদের দায়িত্বের জায়গা হবে আইন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার, জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া নয়।’


