মানিকগঞ্জে এক বালু মহালের ম্যানেজারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকাল ৫টার দিকে শিবালয় উপজেলার তেওতা আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মিরাজ হোসেন। তিনি পাবনা সদর উপজেলার দাপুনিয়া গ্রামের বাসিন্দা।
বালু মহালের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ইফতেয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাওসার আলম জানান, শুক্রবার বিকালে বালু মহালের ড্রেজারে বসে হিসাব করছিলেন মিরাজ। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত স্পিডবোটে ঘটনাস্থলে এসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। মিরাজের শরীরে একটি গুলি লাগে। এরপর দুর্বৃত্তরা তাকে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাওসার আলম আরও জানান, সরকারি ইজারা নিয়ে তিনি বালু মহালটি পরিচালনা করছিলেন। বুধবার বিকাল ৫টার দিকে অজ্ঞাত একটি মোবাইল নাম্বার থেকে মিরাজকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তিনি শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বালু ব্যবসায় দ্বন্দ্বের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


