মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদ্য নিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলী। শনিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, জনগণের পক্ষ থেকে সংবাদপত্রের সঙ্গে যোগাযোগটা রক্ষা করা তার নতুন দায়িত্ব। সুন্দরভাবে এই দায়িত্ব পালনে তিনি গণমাধ্যম-সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সালেহ শিবলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীনতাপ্রিয় জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার পরিকল্পনা করেছেন। এ ধরনের একটি দেশ গঠনের জন্য রাষ্ট্র, সরকার ও সমাজ গঠনের জন্য জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা দরকার।
জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পূর্বশর্ত স্বাধীন সংবাদমাধ্যম-একথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের আশা ও ভাষা বুঝে দেশকে এগিয়ে নিতে চায়।


