আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে ‘মানবিক আন্দোলন বাংলাদেশ’ নামে আইনজীবীদের একটি সংগঠন। বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে শুরু করে জাতীয় প্রেস ক্লাব হয়ে আবার সমিতি এলাকায় শেষ হয়।
এ সময় আইনজীবী সমিতি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়। মানবিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত এই র্যালিতে সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেয়।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির মুখ্য সংগঠক সুপ্রিম কোর্টের আইনজীবী মাকসুদ উল্লাহ। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদাত হোসেন আদিলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মিনারা খাতুন লাকী, কাজী রওশন দিল আফরোজ, মিজানুর রহমান টিটু, সিদ্দিক আজাদ।
সংক্ষিপ্ত সমাবেশের শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল মাহবুব।


