ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ চারজনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।
গত ১০ ডিসেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
জয় ছাড়া অন্য তিন আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সেদিন ট্রাইব্যুনালে সালমান ও আনিসুল হকের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, পলকের পক্ষে লিটন আহমেদ ও প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
এর আগে ৪ ডিসেম্বর জয় ও পলক এবং সালমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সেদিন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। গ্রেপ্তার বাকি তিন আসামিকে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ট্রাইব্যুনালে জয় ও পলকের মামলা একসঙ্গে চলছে। তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। অন্য মামলার আসামি সালমান ও আনিসুলের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।


