মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার মধ্যরাতে শহরের আমিরাবাদ এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও তাদের ৮ মাসের শিশু। পুলিশ বিছানা থেকে ইশা দাসের এবং ঝুলন্ত অবস্থায় চিন্ময় দাস ও শিশুর মরদেহ উদ্ধার করে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈ’র স্ত্রী মিষ্টি বাড়ৈ।
রোববার বিকালে কাকাতো ভাই পরিচয় দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাস। পরে মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি আরো জানান, ‘পাশের ঘরে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। মিষ্টির কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ৈকে।’
ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।


