জামালপুরে মাদকবিরোধী অভিযানের সময় ব্রহ্মপুত্র নদীতে ঝাঁপ দিয়ে আল আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি জানিয়েছেন।
নিহত আল আমিন জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের মুক্তা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি অভিযান পরিচালনা করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচজন ব্যক্তি নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আল আমিন মাঝনদীতে ডুবে নিখোঁজ হন।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার শহিদুল ইসলাম জানান, দুপুর ১২টা থেকে অভিযান শুরু করে বিকাল সাড়ে ৪টার দিকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা তাঁর পরিচয় নিশ্চিত করেন।
জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল আমিন জানান, অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে কেউ নদে ঝাঁপ দিয়েছে কি না, সে বিষয়ে তাদের সুনির্দিষ্ট তথ্য জানা নেই।
জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের কাছ থেকে মরদেহ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


