রাজধানীর মাতুয়াইলে মাদকের বিস্তার রোধ ও তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে সমাজের সব স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
শনিবার ‘আলোর প্রভাত’ ও ‘ডেমরা-যাত্রাবাড়ী নাগরিক পরিষদ’ যৌথভাবে এই র্যালির আয়োজন করে। মাতুয়াইল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসাসংলগ্ন আলোর প্রভাত কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়। কোনপাড়া শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়।
‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ স্লোগানের এই র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পথচারী ও যাত্রীরা করতালির মাধ্যমে কর্মসূচি সমর্থন করেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘মাদক কারবারি, সরবরাহকারী ও সেবনকারীরা দেশ ও সমাজের শত্রু। মাদকের ছোবলে তরুণদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটি মোকাবিলায় প্রশাসনের সঙ্গে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
প্রধান অতিথি মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিশেষ অতিথি শাহরিয়ার স্টিল মিলের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ ও যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু অনুষ্ঠানে বক্তব্য দেন। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন তারা।
র্যালির আহ্বায়ক ওবায়দুল্লাহ খান হিমো বলেন, ‘জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই কর্মসূচি অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে সমাজসেবক মাজাহার হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা শহীদ বাবলু, আলোর প্রভাত সভাপতি ইউসুফ খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


