কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আদর দাশ (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মাতামুহুরী ব্রিজ পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদর দাশ চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী খোদারকুম হিন্দুপাড়ার প্রবাসী প্রদীপ দাশের ছেলে। তিনি চকরিয়া কোরক বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের স্বজন রনজিত দাশ বলেন, ‘দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে আদর নদীর চোরাবালিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অবৈধ বালু উত্তোলনের কারণেই নদীতে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।’
স্থানীয়দের অভিযোগ, নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বিভিন্ন স্থানে গভীর গর্ত ও চোরাবালির সৃষ্টি হয়েছে, যা জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘মাতামুহুরী নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এর আগে, গত ৮ মে চকরিয়া পৌরসভার উত্তর কাহারিয়াঘোনা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া মসজিদ সংলগ্ন মাতামুহুরী নদীতে ডুবে নুর ইলাহি নাদিম (১৩) নামে আরও এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।


