কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জলদস্যুদের দল ‘জমির বাহিনীর প্রধান’ মো. জমির উদ্দিনকে আটক করেছে কোস্ট গার্ড। গ্রেপ্তার আসামি মহেশখালী উপজেলার সাইরের ডেইল এলাকার বাসিন্দা।
বুধবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি গভীর বঙ্গোপসাগরে কুতুবদিয়ার পশ্চিম-দক্ষিণে এফবি আজুফা আক্তার মানু নামের একটি ফিশিং বোটে জমির বাহিনীর গুলিতে শাহাদাত হোসেন খোকন নামে এক জেলে নিহত হন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ওই ঘটনার পর থেকে জড়িত আসামিদের গ্রেপ্তারে কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ২টার দিকে মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখান থেকে হত্যা মামলার অন্যতম আসামি ও জলদস্যু বাহিনীর প্রধান জমিরকে আটক করা হয়।
আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাদিয়া দ্বীপের প্যারাবন এলাকা থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে জলদস্যু বাহিনীর নেতৃত্ব দিয়ে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা অস্ত্র ও গোলাবারুদসহ মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।’


