বাসা থেকে ময়লা সংগ্রহের জন্য নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় করলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বুধবার লালবাগের শহিদনগর শ্মশানঘাট এলাকায় মশক নিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও ‘ক্রাশ প্রোগ্রাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
সম্প্রতি মশার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ডিএসসিসির উদ্যোগে মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ২৪ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়। বিকাল ৩টা থেকে শুরু হওয়া অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ২০০ কর্মী অংশ নেন। তারা খাল, ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কার করার পাশাপাশি মশার ওষুধ ছিটান। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক র্যালিও অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক বলেন, ‘বাসা থেকে ময়লা সংগ্রহের বিল নির্ধারিত ১০০ টাকার বেশি কেউ দাবি করলে তা সিটি করপোরেশনকে জানাবেন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে।’
তিনি আরও ঘোষণা দেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএসসিসির কবরস্থানে দাফন ও শ্মশানে দাহের নিবন্ধন ফি ১ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণকে সিটি করপোরেশনকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ‘ঢাকা শহর বাংলাদেশের মুখ। সারা পৃথিবী থেকে মানুষ এলে ঢাকাকে দেখেই যেন দেশের অবস্থা বুঝতে পারেন। তাই ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে হবে। প্রধানমন্ত্রী ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা কর্মসূচির কথা বলেছেন।’
প্রশাসক বলেন, ‘আমরা চাই দক্ষিণ সিটির মধ্যে পুরান ঢাকাই সবচেয়ে উন্নত হোক। এখানে রাস্তার লাইট ঠিকমতো জ্বলবে, বর্জ্য নিয়মিত পরিষ্কার হবে এবং মশা নিয়ন্ত্রণে থাকবে—এটাই আমাদের লক্ষ্য।’
এ সময় তিনি দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত দলীয় নেতাকর্মীদের সহায়তার বিষয়েও গুরুত্বারোপ করেন। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের মতো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নিয়মতান্ত্রিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌসসহ বিভাগীয় প্রধান ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


