ঢাকার উত্তর বাড্ডার একটি বাসা থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি নাম নাজমুল হক নিয়াজ (৩৩)। তার বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে। তিনি একটি কোম্পানির অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীকে নিয়ে বাড্ডার ওই বাসায় ভাড়া থাকতেন তিনি।
পুলিশ জানিয়েছে, ৭-৮ দিন আগে তার স্ত্রী গ্রামের বাড়িতে বেড়াতে যান। এরপর থেকে বাসাটিতে একাই ছিলেন নাজমুল। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার সময় নিহত নাজমুলের স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। কী কারণে নাজমুলকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তদন্ত চলছে। আগামী ২-৩ দিনের মধ্যে রহস্য উদঘাটন হবে এবং আসামি গ্রেপ্তার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পুলিশ বলছে, নাজমুলের গলায় ও চোয়ালে ধারালো অস্ত্রের গুরুতর কাটা জখম আছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


