নির্বাচনের আগে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা এবং জুবায়েরপন্থিদের খুরুজের জোড় না করতে নির্দেশ দিয়েছে সরকার।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখার উপসচিব মো. আনোয়ার পারভেজের সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২ থেকে ৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের অনুরোধ করেছিল তাবলীগ জামাত বাংলাদেশ এবং মাদ্রাসা উলুমি দীনিয়া মালওয়ালী মসজিদের খতিব ও প্রিন্সিপাল মোহাম্মদ জুবায়েরের।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ওই মাঠে কোনো ধরনের সমাবেশ অনুষ্ঠান না করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ অধিদপ্তর, ঢাকার বিভাগীয় কমিশনার, ঢাক রেঞ্জের ডিআইজি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ঢাকা ও গাজীপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।


