ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ভুলক্রমে মুক্তি পাওয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ র্যাব–১৪ এর অধিনায়ক নয়মুল ইসলাম।
শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনের তথ্য অনুযায়ী, ময়মনসিংহের তারাকান্দা থানার তারাটি গ্রামের মো. আনিস মিয়া, রাশেদুল ইসলাম ও জাকিরুল ইসলামকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এখন এদের যথাযথ আইনি প্রক্রিয়া মেনে হস্তান্তর করা হবে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই মুক্তি দেওয়া হয় একটি হত্যা মামলার তিন আসামিকে। বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার।
এরপর থেকেই শুরু হয় আলোচনা, প্রশ্ন উঠতে থাকে কারাগারের নিরাপত্তা ও কারা কর্তকর্তাদের দায়িত্বশীলতা নিয়েও।
এরই মধ্যে এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


