দেশে মব সংস্কৃতি দমনে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন । তিনি বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করছে এবং দীর্ঘদিনের বেআইনি প্রেক্ষাপটের ওপর দাঁড়িয়ে দ্রুত আইনশৃঙ্খলা ফিরে আনার চেষ্টা চলছে।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য মব সংস্কৃতিকে দমন করে আইনের শাসন প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের এক মাসের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মগুরুর জন্য মাসিক ভাতা, খাল খনন কর্মসূচি, ফার্সার্স কার্ড চালু, সকাল ৯টার মধ্যে সচিবালয়ে অফিস, ভিআইপি প্রটোকল হ্রাস, নারীদের জন্য বাস চালু, বিদেশে কর্মসংস্থানের সহজ ঋণ, বিদেশি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ সহজীকরণ, অফিস-আদালতে বিদ্যুৎ সাশ্রয়, সরকারি দলের সাংসদদের ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার অগ্রগতি উল্লেখ করা হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানির কোনো সংকট নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় জ্বালানির দাম দেশে অনেক কম এবং সরকারের পরিকল্পনা অনুযায়ী পরিস্থিতি সুষ্ঠভাবে পরিচালিত হচ্ছে।
গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর সংবাদ ও আতঙ্কের বিষয়ে জনসচেতনতার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, পাম্প পর্যায়ে কেউ স্টোরিং করার চেষ্টা করলে সরকার পর্যবেক্ষণ করবে। তেলের দাম বাড়ছে না, তাই স্টোর করার প্রবণতা তাদের জন্য সুবিধাজনক হবে না।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, ওয়েজ বোর্ড নির্ধারণ শ্রম মন্ত্রণালয়ের কাজ এবং তারা চাইলে পরামর্শ দেওয়ার সুযোগ আছে। তিনি আরও বলেন, বিটিভি ও বাংলাদেশ বেতারের আধুনিকায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম বিটিভি পরিদর্শনেও এর কার্যক্রম দেখা হয়েছে। গণমাধ্যমের সমস্যা সমাধানে সংলাপের মাধ্যমে করণীয় ঠিক করার পরিকল্পনা রয়েছে।


